আগরতলা, ২১ জানুয়ারি, ২০২৬ঃ
আসন্ন ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ জানুয়ারি আগরতলায় বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে মহিলাদের প্রীতি ফুটবল ম্যাচ, হর্টিকালচার প্রদর্শনী, বসে আঁকো ও আলপনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৫ জানুয়ারি সকাল ৭টায় উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে ক্রসকান্ট্রি প্রতিযোগিতা শুরু হবে এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দুপুরে জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা ও বিকেলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
২৬ জানুয়ারি মূল অনুষ্ঠান আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত হবে, যেখানে সকাল ৯টায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করবেন। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি ভবনে পতাকা উত্তোলন, মাল্যদান, ফল ও মিষ্টি বিতরণ, প্রাক্তন সৈনিকদের সংবর্ধনা ও ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করা হবে। বিকেলে রবীন্দ্রকাননে হর্টিকালচার প্রদর্শনীর বিজয়ীদের পুরস্কার এবং সন্ধ্যায় রাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হবে। রাত ৮টায় প্রজ্ঞাভবনে জনজাতি নেতৃবৃন্দ ও সমাজপতিদের সঙ্গে নৈশ প্রীতিভোজ অনুষ্ঠিত হবে।
প্রজাতন্ত্র দিবসের এই সকল আয়োজনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনাকে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে।