আগরতলা, ২২ জানুয়ারি, ২০২৬ঃ
উনকোটি জেলার ফটিকরায়, শিমুলতলীতে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। একই সঙ্গে এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান পাশাপাশি ঘটনার তদন্তে সিট গঠনের দাবি। ১০ জানুয়ারি ফটিকরায়ের সায়দার পাড় এলাকার শিমুলতলিতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, এই ঘটনার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী সাধারণ মানুষের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। এতে বহু পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ে। ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিবের কাছে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। চিঠিতে তিনি প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি, বরিষ্ঠ পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশেষ তদন্ত দল বা সিট গঠনেরও দাবি করা হয়েছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ বিজেপি সভাপতি এবং অন্যান্য মন্ত্রীদেরও এদিন গভীর সমালোচনা করেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, একই সাথে দুই শরিক বিজেপি এবং মথার মধ্যে রাজনৈতিক যে চাপানউতোর চলছে, সে ব্যাপারেও তিনি মুখ খুললেন। বিজেপির সঙ্গে মথার লড়াই, কার্যত লোক দেখানো মঞ্চের নাটক, বলেও জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন। একই সাথে তিনি ফের রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন এবং বিজেপির বিরুদ্ধে মোথার যে প্রতিবাদ বিরোধিতা তা লোক দেখানো নাটক বলে জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।