আগরতলা, ২২ জানুয়ারি ২০২৬ঃ
রাজ্যে ধান উৎপাদন ক্রমশ বাড়ছে এবং কৃষকদের স্বার্থে সহায়ক মূল্যে ধান ক্রয় অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চলতি খারিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে মোট ১৮ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধানের সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩ টাকা ৬৯ পয়সা। এক সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, খারিফ মরশুমে সহায়ক মূল্যে ধান ক্রয়ের প্রস্তুতি হিসেবে খাদ্য দপ্তর ও কৃষি দপ্তরসহ মহকুমা শাসক, বিডিও সহ বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে। ২৮ জানুয়ারি থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে মোট ২ লক্ষ ৪৪ হাজার ৩০৩ মেট্রিক টন ধান ক্রয় করেছে। এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৪৮৯ কোটি ৭১ লক্ষ টাকা এবং এর ফলে উপকৃত হয়েছেন রাজ্যের ২ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জন কৃষক।
সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করা, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং রাজ্যে সামগ্রিক উৎপাদন বৃদ্ধি করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকনির্দেশনায় রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ চলছে এবং আগের তুলনায় ত্রিপুরায় ধান উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।