আগরতলা, ২৪ জানুয়ারি, ২০২৬ঃ
উত্তর-পূর্ব উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ত্রিপুরার উত্তর ফুলকাবারিতে ৮০ কোটি টাকার আগারউড ভ্যালু চেইন ডেভেলপমেন্ট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। মন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে আগারউডের পুরো ভ্যালু চেইন, কৃষকের ক্ষেত থেকে আন্তর্জাতিক বাজারের পারফিউম পর্যন্ত—দৃঢ় ও সুসংগঠিত করা হবে।
প্রকল্পের আওতায় আসামের গোলাঘাট এবং ত্রিপুরায় দুটি সেন্ট্রাল প্রসেসিং সেন্টার স্থাপন করা হবে, যা মধ্যস্থকারদের ছাড়িয়ে সরাসরি কৃষকদের সম্পূর্ণ লাভ নিশ্চিত করবে। পাশাপাশি জিআই ট্যাগ প্রক্রিয়া চলছে, রপ্তানি কোটা ছয়গুণ বৃদ্ধি, আগারউড চিপসের রপ্তানি ২৫,০০০ কেজি থেকে ১.৫ লাখ কেজি এবং তেলের রপ্তানি ১,৫০০ কেজি থেকে ৭,৫০০ কেজি করা হয়েছে।
মন্ত্রী সিন্ধিয়া বলেন, ফুলকাবারির আগারউড ক্ষেত্র ‘লোকাল টু গ্লোবাল’, ‘ভোকাল ফর লোকাল’ এবং ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট এর অন্যতম শক্তিশালী উদাহরণ। বর্তমানে দেশের প্রায় ১.৫ কোটি আগারউড গাছের প্রায় ৯০% উত্তর-পূর্বে অবস্থান করছে। এই প্রকল্পের ফলে ত্রিপুরার উৎপাদন ক্ষমতা ৫০% বৃদ্ধি পাবে এবং আগামী ৩–৪ বছরে ২,০০০ কোটি টাকার বার্ষিক ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি হবে।