আগরতলা, ২৭ জানুয়ারি, ২০২৬ঃ
সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং ব্যবস্থা চালুর দাবিতে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস, ইউএফবিইউ এর ডাকা দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার ত্রিপুরার বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আগরতলায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে ব্যাংক কর্মী সংগঠনগুলির জানায়, সপ্তাহে পাঁচ দিনের কর্মসপ্তাহ চালুর দাবি দীর্ঘদিনের। এই বিষয়ে আলোচনা শুরু হয় ২০১২ সালে। একাধিক দফা আলোচনার পর ২০১৫ সালে মাসে দুটি শনিবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হয়। তবে পূর্ণাঙ্গ পাঁচ দিনের কর্মসপ্তাহের দাবি তখনও বাস্তবায়িত হয়নি।
২০২৪ সালে ১২তম দ্বিপাক্ষিক চুক্তির সময় ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন এবং ইউনিয়নগুলোর মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও দাবির বাস্তব রূপ না পাওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে।
দাবিগুলোর সন্তোষজনক সমাধান না হওয়ায় প্রায় দুই বছর পর ব্যাংক কর্মীরা বাধ্য হয়েই দেশব্যাপী ধর্মঘটের পথে হাঁটেছেন বলে জানানো হয়েছে। এ প্রসঙ্গে ত্রিপুরা প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রাহুল চক্রবর্তী বলেন, ব্যাংক কর্মীদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।