আগরতলা, ২৮ জানুয়ারি, ২০২৬ঃ
রাজ্য সরকার ত্রিপুরাকে একটি শিক্ষা হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন এই উদ্যোগ নিয়েছে। বুধবার আগরতলায় মহারাণী তুলসীবতী উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রাজ্যের ২১০টি বিদ্যালয়ে একযোগে পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিটি শিশুর মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিভা রয়েছে। তাদের বিকাশ ঘটাতে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে। বিজ্ঞানভিত্তিক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করা এবং দেশের নিজস্ব সংস্কৃতিতে তাদের আগ্রহী করে তোলা অত্যন্ত জরুরি।”
তিনি আরও উল্লেখ করেন, স্বামী বিবেকানন্দের বাণী অনুযায়ী প্রকৃত শিক্ষা হল শিক্ষার্থীদের অন্তর্নিহিত জ্ঞানের বিকাশ ঘটানো। রাজ্য সরকার তাই আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে প্রায় ৬৪ হাজার ছাত্রছাত্রী শিক্ষার সুবিধা পাবেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কমাতে এবং চিন্তামুক্ত রাখতে বিদ্যালয়গুলোতে সুস্থ সংস্কৃতি চর্চার ব্যবস্থাও চালু হয়েছে। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ল্যাবটি ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। সমগ্র শিক্ষা প্রজেক্টের অধীনে চালু হওয়া এই ল্যাবগুলোর উদ্বোধন রাজ্যের শিক্ষা ক্ষেত্রে একটি ল্যান্ডমার্ক উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে।