আগরতলা, ২৮ জানুয়ারি ২০২৬ঃ
ধর্মনগরে খরিফ মরশুম ২০২৫–২৬-এর প্রথম ফসলের ধান সংগ্রহের রাজ্যভিত্তিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।
ধর্মনগরের বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে কৃষকদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। কৃষকদের রাজ্যের তাঁত শিল্পীদের তৈরি গামছা দিয়ে বরণ করা হয়।
উদ্বোধন করেন খাদ্য, সিভিল সাপ্লাই ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিধায়ক যাদব লাল নাথ, সিপিআইএম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথসহ বিভিন্ন পঞ্চায়েত ও পৌর পরিষদের চেয়ারপার্সনরা।
মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ২০১৭ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। প্রতি কুইন্টাল ধানের মূল্য ১৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে এবং রাজ্যের প্রায় ১ লক্ষ ২৫ হাজার কৃষক এই প্রকল্পের আওতায় ধান বিক্রি করছেন।
এ বছর আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় শুরু হয়েছে, যা এক মাসব্যাপী চলবে। রাজ্যের আটটি জেলা থেকে মোট ১৮ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে উত্তর ত্রিপুরা জেলার অংশ ১,৫০০ মেট্রিক টন।