আগরতলা, ২৯ জানুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড এবং ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার রাজ্যের আশা ফ্যাসিলিটেটরদের ই-সাইকেল বিতরণ করা হয়। কর্মসূচির সূচনা করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।
আগরতলার টিএসইসিএল কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা জেলার ৩০ জন আশা ফ্যাসিলিটেটরের হাতে ই-সাইকেল তুলে দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে অন্যান্য মহকুমার আরও ৭০ জন আশা ফ্যাসিলিটেটরকে ই-সাইকেল প্রদান করা হবে। এর ফলে সর্বমোট ১০০ জন আশা ফ্যাসিলিটেটর এই সুবিধার আওতায় আসবেন। সমগ্র প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৯৯ লক্ষ টাকা। অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, কৃষি ও অন্যান্য দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ তাঁর বক্তব্যে আশা ফ্যাসিলিটেটরদের ‘হেলথ ওয়ারিয়র’ হিসেবে অভিহিত করে বলেন, গর্ভবতী মায়েদের দেখভাল থেকে শুরু করে শিশুর
সঠিক বেড়ে ওঠা পর্যন্ত তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে রোগ চিহ্নিতকরণ ও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদানে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ই-সাইকেল তাঁদের দৈনন্দিন কাজকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে। এই ই-সাইকেলগুলি নিরাপদ ও পরিবেশবান্ধব। এর ফলে আশা ফ্যাসিলিটেটরদের যাতায়াতের সময় কমবে, কাজের গতি বাড়বে, পাশাপাশি শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি বজায় থাকবে।