আগরতলা, ২৯ জানুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখানকার বাঁশ-বেত, আনারস, আগর, রাবার সহ বিভিন্ন কৃষিজাত সামগ্রী ব্যবহার করে আগামী দিনে রাজ্যের শিল্প পরিকাঠামোকে শক্তিশালী করা সম্ভব। রাজ্যে আগরকে কেন্দ্র করে প্রায় ২ হাজার কোটি টাকার শিল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। রাজ্যের বাঁশকে ব্যবহার করে ইথানল কারখানা স্থাপনের জন্য দেশের একটি বাণিজ্যিক গোষ্ঠীর সঙ্গে কথাবার্তা হয়েছে। বৃহস্পতিবার আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৩৬তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, যেকোন রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি হল শিল্প এবং বাণিজ্য। উভয়ই একটি মুদ্রার এপিঠ ওপিঠ। বর্তমান সরকারের সময়ে ত্রিপুরাতে বিনিয়োগ বাড়ছে। বিগত সরকারগুলির সময়ে
অনেক শিল্প প্রতিষ্ঠান আন্দোলনের নামে ধ্বংস করা হয়েছে। এরকমটা না হলে আগেই রাজ্য আত্মনির্ভর হয়ে যেত। মুখ্যমন্ত্রী বলেন, শিল্প স্থাপনে বিভিন্ন পুরনো পলিসিকে সরলীকরণ করা হয়েছে। শিল্প স্থাপনের ক্ষেত্রে ইনসেনটিভ দেওয়া হচ্ছে। শ্রম শক্তির বিকাশে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাছাড়া বিনিয়োগের ক্ষেত্রে প্ল্যাটফর্ম প্রদানের জন্য বিভিন্ন সময় কনক্লেভের আয়োজন করা হচ্ছে।