আগরতলা, ৩০ জানুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা সরকার ও এইমস, নিউ দিল্লির মধ্যে মৌ চুক্তির প্রেক্ষিতে স্বাস্থ্য খাতে অগ্রগতি পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এইমস ও ত্রিপুরা সরকারের মধ্যে ২০২৫ সালের ১৭ অক্টোবর স্বাক্ষরিত মৌ চুক্তির পরিপ্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ সমূহ রিপোর্টে উপস্থাপন করা হয়। এই মৌ অনুসারে স্বাস্থ্য বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা, কর্মীবাহিনী গঠন, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং আইটি-সক্ষম ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার হয়েছে।
কর্মচারী নিয়োগ ও মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য অধিকার এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ ও স্কিল আপগ্রেডেশনের জন্য এইমস এর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম শুরু হয়েছে। চিকিৎসা শিক্ষা ও একাডেমিক উন্নয়নের ক্ষেত্রে নতুন বিভাগ চালু, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, সার্ভিস রুল সংশোধন এবং এইমসে প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
হাসপাতাল পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে জরুরি পরিষেবা, আইসিইউ সম্প্রসারণ, ওটি কার্যকরিকরণ, পিপিপি মডেলে আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং সাপ্লাই চেইন ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম চালু রয়েছে। রোগী সন্তুষ্টি ও ডিজিটাল উদ্যোগের ক্ষেত্রে ‘মেরা হাসপাতাল’ অ্যাপ ব্যবহার হচ্ছে এবং এইমসের ‘সন্তুষ্ট’ অ্যাপ গ্রহণের মাধ্যমে রোগীর মতামত সংগ্রহ ও পরিষেবার মান আরও উন্নত করার কাজ চলছে।