আগরতলা, ৩১ জানুয়ারি, ২০২৬ঃ
আগরতলা শহরে বেআইনি দখল ও জবরদখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে উচ্ছেদ অভিযান শুরু করতে চলেছে আগরতলা পুর নিগম। পাশাপাশি, বটতলা হাওড়া মার্কেটে যেসব ব্যবসায়ী পুর নিগমের বৈধ নথি ছাড়া ব্যবসা করছেন, তাঁদের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্বেচ্ছায় সরে যাওয়ার সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে না সরলে ৮ ফেব্রুয়ারি থেকে হাওড়া মার্কেটে উচ্ছেদ অভিযান চালানো হবে।
শুক্রবার গতকাল আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মেয়র জানান, ভেন্ডিং জোন ও পার্কিং জোনের বাইরে ব্যবসা ও গাড়ি রাখা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং ৬ ফুট বাই ৪ ফুট মাপের সচল ঠেলাগাড়ি থাকা ভেন্ডাররা রাত ১১টা পর্যন্ত ব্যবসা করতে পারবেন। কভার ড্রেনের উপর গাড়ি রাখা এবং রেস্টুরেন্ট, ছোট হোটেল ও খাবারের দোকান বসানো বন্ধ করতে ট্রাফিক দপ্তরের সঙ্গে যৌথভাবে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকারের অনুমোদন ছাড়া কোথাও বিজ্ঞাপন লাগানো যাবে না বলেও সতর্ক করা হয়। সরকারি অফিস, ভবন ও লাইট পোস্টে বিজ্ঞাপন লাগালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশে আগরতলা শহরকে স্বচ্ছ ও সুন্দর রাখতে ‘স্বচ্ছতা পুরস্কার প্রকল্প’ ঘোষণা করা হয়েছে।