আগরতলা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
সিআইটিইউ সহ বিভিন্ন গণসংগঠনের আহ্বানে ১২ ফেব্রুয়ারি সারা ভারত বনধের দিন ত্রিপুরায় সমস্ত সরকারি কার্যালয়ের কাজকর্ম স্বাভাবিক থাকবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসনিক তরফে বিজ্ঞপ্তিতে ওইদিন সমস্ত সরকারি কর্মচারীদের
অন্যান্য দিনের মতোই নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের বাজেটকে জনস্বার্থ-বিরোধী দাবি করে সিআইটিইউ সহ বিভিন্ন গণসংগঠন আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ সারা ভারত বনধের ডাক দিয়েছে। কর্মচারিদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে একটি সর্বভারতীয় কর্মচারী সংগঠন এই বনধের আহ্বান জানিয়েছে। রাজ্যেরও একটি কর্মচারী সংগঠন বনধকে সমর্থন জানিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অংশগ্রহণের আবেদন করেছে।
এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের প্রশাসনিক সংস্কার বিভাগের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যের সব অফিস-আদালত, সরকার অধিগৃহীত সংস্থা ও সংগঠনে স্বাভাবিক কাজকর্ম অব্যাহত থাকবে। ঐদিন সকল সরকারি কর্মচারী, অধিগৃহীত সংস্থা ও সংগঠনের কর্মীদের অন্যান্য দিনের মতোই নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে বিভিন্ন অফিস, অধিগৃহীত সংস্থা ও সংগঠনে কর্মচারীদের উপস্থিতির হার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের প্রশাসনিক সংস্কার বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।