আগরতলা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং সমাজের প্রতিটি প্রান্তিক ও দুর্বল অংশের মানুষকে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
প্রজ্ঞাভবনে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণির কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যভিত্তিক বি. আর. আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার, বিদ্যাসাগর সামাজিক-সাংস্কৃতিক পুরস্কার প্রদান ও আর্থিকভাবে অনগ্রসর পশ্চাৎপদ শ্রেণির মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিথিরা বিদ্যাসাগর ও ড. বি. আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের পশ্চাৎপদ ও অন্যান্য দুর্বল শ্রেণির মানুষের আর্থসামাজিক উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করা হয়েছে, এবং সেই ধারায় রাজ্য সরকারও নানা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। তিনি আরও জানান, ত্রিপুরায় পশ্চাৎপদ জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় ৯ লক্ষ ৪ হাজার এবং পরিবার সংখ্যা ২ লক্ষ ২৪ হাজারের বেশি। বিশেষভাবে, মহিলাদের ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসারে সরকার জোর দিচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্যে আইন শৃঙ্খলা ভালো অবস্থানে রয়েছে, এবং অপরাধ প্রবণতার হার গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। তিনি যোগ করেন, শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে প্রতিটি জাতি ও জনজাতির মানুষকে সঙ্গে নিয়ে একটি নতুন ত্রিপুরা গঠন করা হবে।