আগরতলা, ৪ ফেব্রুয়ারি ২০২৬ঃ
আগরতলা শহরের ফুটপাত দখলমুক্ত করতে আগরতলা পুর নিগমের উদ্যোগে বুধবার ভোর থেকে জবরদখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। হরিগঙ্গা বসাক রোডে ভোর তিনটা থেকে শুরু হওয়া এই অভিযান চলে সারাদিন ধরে।
পুর নিগম সূত্রে জানা গেছে, বটতলা ফ্লাইওভারের নীচ থেকে শুরু করে মেলারমাঠ, প্যারাডাইস চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, শকুন্তলা রোড ও রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকা পর্যন্ত একযোগে অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর অবৈধভাবে গড়ে তোলা দোকান ভেঙে দেওয়া হয়, যা ফুটপাত ও রাস্তার আশপাশের এলাকা দখল করে ছিল।
এই প্রসঙ্গে মেয়র দীপক মজুমদার জানান, নির্ধারিত ভেন্ডিং জোন ও পার্কিং জোন ছাড়া কোথাও ব্যবসা বা গাড়ি রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কভার ড্রেনের উপর যাতে গাড়ি রাখা না হয়, সে জন্য পুর নিগম ও ট্রাফিক দপ্তর যৌথভাবে উদ্যোগ নেবে। পাশাপাশি কভার ড্রেনের উপর থাকা রেস্তোরাঁ, ছোট হোটেল ও খাবারের দোকান সরিয়ে নেওয়া হবে, যাতে নাগরিকরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
তবে অভিযানে ক্ষতিগ্রস্ত একাংশ ক্ষুদ্র ব্যবসায়ীর অভিযোগ, বৈধ লাইসেন্স ও সরকারি অনুমতি থাকা সত্ত্বেও নিগমের অভিযানে তাদের দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পুর নিগমের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, বুধবার বিকেলের দিকে হরিগঙ্গা বসাক রোডে আবারও পুরনো চিত্র ধরা পড়ে। সকালে উচ্ছেদ হওয়া দোকানগুলির একটি অংশ বিকেল হতেই ফের ফুটপাতে বসতে শুরু করেন ব্যবসায়ীরা। ফলে সন্ধ্যার মধ্যে আগরতলা শহরের একাংশ ফুটপাত পুনরায় অবৈধ দখলে চলে যায়।