আগরতলা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত গঠন নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। শুক্রবার বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ড সংলগ্ন ডাকবাংলোতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি জানান, এই সমস্যার একমাত্র সমাধান আদালতের মাধ্যমেই সম্ভব।
প্রদ্যোত কিশোর দেববর্মার অভিযোগ, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের প্রায় ৩০ শতাংশ জমি টিটিএএডিসি এলাকার অন্তর্ভুক্ত। তাঁর দাবি, কোনও সঠিক মানচিত্র ছাড়াই রাজ্য সরকার মৌজা ও ২০২৪ সালের পঞ্চায়েত নির্বাচনের ভিত্তিতে নগর পঞ্চায়েতের নোটিফিকেশন জারি করেছে, যা সম্পূর্ণ অবৈধ। তিনি বলেন, নগর পঞ্চায়েত গঠনের বিরোধিতা তাঁদের নেই, তবে এডিসির জমি জোর করে নগর পঞ্চায়েতের আওতায় আনা হলে তা মেনে নেওয়া হবে না।
তিনি আরও অভিযোগ করেন, সিপাহীজলা জেলা শাসক দফতর, পুলিশ সুপারের অফিস ও জেলা আদালতও এডিসির জমিতে তৈরি হয়েছে। তবে তাঁরা কোনও সংঘাতের পথে না গিয়ে আইনি পথেই সমস্যার সমাধান চান বলে জানান। খুব শিগগিরই এই বিষয়ে আদালতে যাওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
বৈঠকের পর মহকুমা শাসক বিংকি সাহা জানান, নির্ধারিত যৌথ ডিমারকেশন আপাতত স্থগিত রাখা হয়েছে। আগরতলার ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস সেটেলমেন্ট দফতর থেকে নতুন মানচিত্র আনা হবে। সেই মানচিত্রের ভিত্তিতেই নির্ধারণ করা হবে নগর পঞ্চায়েতের আওতায় কোনও এডিসি এলাকা পড়েছে কি না। তিনি দাবি করেন, চেছুড়িমাই, বড়জলা ও বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত নিয়ে নগর পঞ্চায়েত গঠন করা হয়েছে এবং এডিসির জমি অন্তর্ভুক্ত করা হয়নি।
এই পরিস্থিতিতে প্রদ্যোত কিশোর দেববর্মা স্পষ্ট জানিয়ে দেন, বিষয়টি নিয়ে খুব শিগগিরই আদালতে যাওয়া হবে এবং আইনি পথেই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।