আগরতলা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণে দেশের যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনের পথে যুব মোর্চার ভাই-বোনদের দায়িত্ব অনেক বড় এবং প্রত্যেককে একজন করে ‘অ্যাম্বাসেডর’ হয়ে কাজ করতে হবে।
শনিবার আগরতলার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হলে ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় বাজেট বিষয়ক যুব সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী বলেন, এই বছরের কেন্দ্রীয় বাজেটেও ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য প্রতিফলিত হয়েছে। মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির দিশাতেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তাঁর কথায়, এবারের বাজেটের মূল লক্ষ্য ২০৪৭ সালের বিকশিত ভারত গঠন, আর সেই লক্ষ্যেই শিক্ষা, স্বাস্থ্য, সামরিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। মোটের উপর এই বাজেট দেশের উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাবে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলগুলি বাজেটকে জনবিরোধী বলে আখ্যা দিলেও শাসকদল বিজেপি একে জনমুখী বাজেট হিসেবে দাবি করছে। এই প্রেক্ষাপটে বিজেপিও বাজেটের ইতিবাচক দিক তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। তারই অংশ হিসেবে এদিনের যুব সম্মেলনের আয়োজন করা হয়।