আগরতলা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
এমজিএন রেগা প্রকল্প পুনর্বহালের দাবিতে আগামী ১৬ ফেব্রুয়ারি রাজভবন অভিযান করবে প্রদেশ কংগ্রেস। দলের অভিযোগ, কেন্দ্র সরকার শুধু রেগা আইন কার্যত বাতিলই করেনি, বরং গ্রামীণ ভারতের সাধারণ মানুষের নিশ্চিত কাজের অধিকারও কেড়ে নিচ্ছে।
কংগ্রেসের দাবি, ২০০৫ সালে সারা দেশে চালু হওয়া নিশ্চিত কর্মসংস্থান আইন এমজিএন রেগা প্রকল্পটি কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে। তার পরিবর্তে নতুন ভিবি জিরামজি প্রকল্প চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন এই আইনের ফলে দেশের সাধারণ গ্রামবাসীদের নিশ্চিত কর্মসংস্থানের অধিকার খর্ব হবে বলে অভিযোগ বিরোধী দলের।
এই সিদ্ধান্তের প্রতিবাদে গত জানুয়ারি মাস থেকে দেশজুড়ে আন্দোলন শুরু করেছে কংগ্রেস। সেই আন্দোলনের অংশ হিসেবেই ১৬ ফেব্রুয়ারি রাজ্যে রাজভবন অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে।
রবিবার আগরতলা কংগ্রেস ভবনে এক সাংগঠনিক বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, আন্দোলনের প্রস্তুতি নিয়ে দলের তৃণমূল স্তর পর্যন্ত নেতৃত্বদের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি বলেন, “আগামী ১৬ ফেব্রুয়ারির রাজভবন অভিযানে সারা রাজ্য থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা অংশগ্রহণ করবেন।”