আগরতলা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
রাজ্যে শিল্পের বিকাশ এবং নতুন উদ্যোগীদের উৎসাহিত করতে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে বলে জানালেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি বলেন, ত্রিপুরাকে শিল্পের মাধ্যমে আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
রবিবার হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনও করেন তিনি। মন্ত্রী জানান, রাজ্যে উৎপাদিত রাবার, চা, বাঁশবেতের শিল্প, হস্ততাঁত ও হস্তশিল্প, আগরবাতি শিল্পসহ বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব শিল্পকে আরও প্রসারিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, রাজ্যে শিল্পের প্রসার ঘটাতে এবং নতুন উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতেই এই ধরনের শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়। মেলায় অংশগ্রহণকারী সকল উদ্যোক্তা ও শিল্পীদের তিনি অভিনন্দন জানান এবং রাজ্যে নতুন নতুন শিল্প স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী আরও জানান, চলতি বছরের শিল্প মেলায় ইতিমধ্যেই ২ কোটি ৭৫ লক্ষ টাকারও বেশি পণ্য বিক্রি হয়েছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে তিনি মন্তব্য করেন।