আগরতলা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরায় সিপাহীজলা জেলার বক্সনগর থানার উত্তর কলমচৌড়া বড়মুড়া এলাকায় গাঁজা বিরোধী অভিযানে গিয়ে ত্রিপুরা পুলিশ ও আসাম রাইফেলসের জওয়ানদের উপর হামলার ঘটনা ঘটেছে। জনতার প্রবল প্রতিরোধের মুখে পড়ে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত অভিযান অসম্পূর্ণ রেখেই আধা সামরিক বাহিনীকে এলাকা ছাড়তে হয়।
গাঁজা বাগান ধ্বংস করতে সোমবার উত্তর কলমচৌড়া বড়মুড়া এলাকায় অভিযান চালায় ত্রিপুরা পুলিশ ও আসাম রাইফেলস। অভিযোগ, অভিযানের খবর পেয়ে গ্রামবাসীদের একাংশ প্রশাসনের উপর ইট-পাথর ছুঁড়তে শুরু করে।
এই হামলায় আসাম রাইফেলসের গাড়িচালকসহ চারজন জওয়ান আহত হন। পাশাপাশি পুলিশ কনস্টেবল সুমন মজুমদারের মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহত আসাম রাইফেলস জওয়ানদেরও বক্সনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসাম রাইফেলসের জওয়ানরা প্রায় ৪০ রাউন্ড শূন্যে গুলি চালায়। শেষ পর্যন্ত গাঁজা বিরোধী অভিযান সম্পূর্ণ না করেই এলাকা ত্যাগ করে নিরাপত্তা বাহিনী।
ঘটনার পর থেকেই উত্তর কলমচৌড়া বড়মুড়া এলাকার পরিস্থিতি থমথমে। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।