আগরতলা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার সারা রাজ্যে পথ কুকুর ও রাস্তায় ঘুরে বেড়ানো প্রাণীদের নিয়ন্ত্রণে একাধিক বিশেষ পদক্ষেপ নিয়েছে। অ্যানিমেল বার্থ কন্ট্রোল রুল, ২০২৩ অনুযায়ী পথ কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সংস্থা ও পৌর কর্তৃপক্ষের মাধ্যমে অ্যানিমেল বার্থ কন্ট্রোল সেন্টার এবং আশ্রয় কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার। তিনি জানান, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যোগে হাঁপানিয়াতে ইতিমধ্যেই একটি অ্যানিমেল বার্থ কন্ট্রোল সেন্টার স্থাপন করা হয়েছে। আর কে নগরে একটি প্রাণী আশ্রয় কেন্দ্র চালু রয়েছে। অন্যান্য পুরসভাগুলিতেও প্রাণীসম্পদ বিকাশ দপ্তর ও প্রাণীকল্যাণ সংস্থার সহযোগিতায় অনুরূপ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় পথ কুকুর নিয়ন্ত্রণে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে।
ন্যাশনাল হাইওয়ে এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, পূর্ত দপ্তর, পরিবহন দপ্তর, পৌর সংস্থা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জাতীয় সড়কগুলিতে ঘুরে বেড়ানো প্রাণীদের নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টা নজরদারি ও দ্রুত ব্যবস্থাপনা চালু করা হয়েছে। চিহ্নিত প্রাণীদের নির্দিষ্ট আশ্রয় কেন্দ্র ও গোশালায় স্থানান্তর করে খাদ্য, জল ও পশুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন হেল্পলাইনও চালু করা হয়েছে।