আগরতলা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
আগরতলা পুর এলাকার বর্ধিত শহরতলীর খালি জমির উপর উচ্চহারে কর আরোপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানাল আমরা বাঙালী দল। এক সাংবাদিক সম্মেলনে দলের নেতৃত্ব পুরনিগম কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে কর পুনর্বিবেচনার দাবি জানান।
দলের নেতাদের অভিযোগ, বাম আমলে যৎসামান্য কর আরোপ করে শহরতলীর বিস্তীর্ণ এলাকাকে আগরতলা পুরনিগমের আওতায় আনা হয়। কিন্তু দীর্ঘদিন পুরনিগমের অন্তর্ভুক্ত থাকার পরও বহু এলাকায় রাস্তাঘাট, ড্রেনেজসহ নাগরিক পরিষেবার তেমন উন্নয়ন হয়নি। অথচ সরকার পরিবর্তনের পর একাধিকবার কর বাড়ানো হয়েছে।
তাদের দাবি, শহরতলীর বেশিরভাগ এলাকা আগে গ্রামাঞ্চল ছিল। সেখানকার বাড়িঘর বড় জায়গা জুড়ে তৈরি, সামনে বাড়ি আর পেছনে ফাঁকা জায়গা, গাছপালা রয়েছে। এই পরিস্থিতিতে খালি জমির উপর বর্গফুট অনুযায়ী কর বাড়ানো সাধারণ মানুষের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবারের উপর কয়েক হাজার টাকার করের বোঝা চাপানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।
দলীয় নেতৃত্বের আরও আশঙ্কা প্রকাশ করেছেন, অতিরিক্ত করের চাপে মানুষ জমি বিক্রি করতে বাধ্য হলে গাছপালা কেটে ফেলতে হবে, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। ইতিমধ্যেই বনভূমি কমে যাওয়ায় লোকালয়ে বানর ও বিষধর সাপের উপদ্রব বাড়ছে বলে দাবি করা হয়।