আগরতলা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরায় ‘বিকশিত ভারত-জি রাম জি আইন, ২০২৫’ প্রণয়ন উপলক্ষ্যে বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে এক বৃহৎ জনপ্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫৪৬ কোটি টাকার বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং এক লাভার্থী সম্মেলনও অনুষ্ঠিত হয়।
মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভার্চুয়ালি এই সম্মেলনের উদ্বোধন ও প্রকল্পগুলির সূচনা করেন। অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে গ্রামীণ ভারতের সামগ্রিক উন্নয়নের রোডম্যাপই হলো ‘বিকশিত ভারত-জি রাম জি আইন, ২০২৫’। এই আইনের মাধ্যমে শুধু গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নই নয়, দরিদ্র মানুষের জীবনযাত্রার মানও বদলে যাবে।
তিনি জানান, নতুন আইনে বছরে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের সুযোগ থাকবে। কাজের দাবি জানিয়ে সময়মতো কাজ না পেলে বেকার ভাতা দেওয়ার বিধান রয়েছে। পাশাপাশি মজুরি প্রদানে ১৫ দিনের বেশি দেরি হলে মজুরির ওপর সুদ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।