আগরতলা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
জনজাতি অংশের মানুষের প্রকৃত উন্নয়ন ছাড়া ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ‘মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা’র অধীনে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক অগ্রগতির মূল চাবিকাঠি জনজাতি জনপদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মধ্যেই নিহিত। সমাজের অন্তিম ব্যক্তির কাছে উন্নয়নের সুফল পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। জনজাতি পরিবারের স্বনির্ভরতা বাড়াতে ২০২৩–২৪ অর্থবছরে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা চালু করা হয়েছে, যার মাধ্যমে পশুপালনসহ বিভিন্ন জীবিকামুখী কর্মকাণ্ডে উৎসাহ দিয়ে আয় বৃদ্ধির সুযোগ তৈরি করা হচ্ছে।
তিনি জানান, এই প্রকল্পে প্রতিটি যোগ্য পরিবারকে এককালীন ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে ৯ হাজার ৭৭৯ জন জনজাতি সুবিধাভোগী এই সহায়তা পেয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি মানুষের জীবনমান উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং কেন্দ্র ও রাজ্যের বাজেটের উল্লেখযোগ্য অংশ জনজাতি এলাকার উন্নয়নে ব্যয় করা হচ্ছে।