আগরতলা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরার প্রথম পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমি গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। আগামী ১৪ ফেব্রুয়ারি খুমুলুং এলাকায় এই ক্রিকেট একাডেমির শিলান্যাস অনুষ্ঠিত হবে। প্রায় সাত কাণি জমির উপর ধাপে ধাপে একাডেমিটি নির্মাণ করা হবে বলে জানা গেছে।
এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের অন্যতম সেরা অলরাউন্ডার ও তারকা ক্রিকেটার মণিশংকর মুড়াসিং-কে। তাঁকে একাডেমির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও করা হয়েছে।
এই একাডেমির মূল লক্ষ্য হবে রাজ্যের ক্রিকেট প্রতিভা খুঁজে বের করা এবং তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। জাতি ধর্মের ভেদাভেদ ভুলে শুধুমাত্র প্রতিভার ভিত্তিতেই খেলোয়াড় বাছাই করা হবে বলে জানানো হয়েছে।
প্রাথমিক পর্যায়ে একাডেমি নির্মাণে প্রায় ২ কোটি টাকা ব্যয় করা হবে। ধাপে ধাপে এখানে ইনডোর সুবিধা, নেট প্র্যাকটিসের ব্যবস্থা এবং আধুনিক জিম গড়ে তোলা হবে। ইতিমধ্যেই এই প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
বর্তমানে রাজ্যে পূর্ণাঙ্গ পরিকাঠামোর ক্রিকেট একাডেমি নেই। ত্রিপুরায় ক্রিকেট নিয়ন্ত্রণক সর্ববৃহৎ সংস্থা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখনো এই ধরনের পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমি গড়ে তোলা হয়নি।