আগরতলা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। রাজ্যে বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা ১৫ জন হলেও এবারে মূলত ১১টি আসনে ভোট গ্রহণ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার স্বপন চন্দ্র দাস।
এবারের নির্বাচনে কোনও একক দল বা সংগঠন সবকটি আসনে প্রার্থী দেয়নি। বিজেপি লিগ্যাল সেল সর্বাধিক নয়টি আসনে প্রার্থী দিয়েছে। বামপন্থী আইনজীবীদের সংগঠন এআইএলইউ চারটি আসনে এবং কংগ্রেস লিগ্যাল সেল দুটি আসনে প্রার্থী দিয়েছে। এছাড়া দু’জন নির্দল প্রার্থীও লড়াইয়ে রয়েছেন। এ বছর প্রার্থী হতে বার কাউন্সিলে ১ লক্ষ ২৫ হাজার টাকা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচনে মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে তিনজন মহিলা আইনজীবী রয়েছেন, যারা সংরক্ষণের ভিত্তিতে নির্বাচিত হবেন। বাকি ১৪ জনের মধ্যে থেকে ভোটের মাধ্যমে ১১ জন সদস্য নির্বাচিত হবেন। ভোটগ্রহণ হবে ১৪ ফেব্রুয়ারি এবং গণনা হবে ২১ ফেব্রুয়ারি।
ভোটগ্রহণের জন্য রাজ্যের আট জেলায় আটটি কেন্দ্র করা হয়েছে। আগরতলায় হাইকোর্ট চত্বরে ভোট হবে। আগরতলায় ১,১০৩ জন, সোনামুড়ায় ৪০ জন, ধর্মনগরে ১৫১ জন, উদয়পুরে ৭২ জন এবং কমলপুরে ৬৪ জন আইনজীবী ভোটার রয়েছেন বলে জানানো হয়েছে।
সব মিলিয়ে বিভিন্ন সংগঠন ও নির্দল প্রার্থীদের লড়াইয়ে এবারের ত্রিপুরা বার কাউন্সিল নির্বাচন জমজমাট হওয়ার ইঙ্গিত মিলছে।