আগরতলা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
আগামী ২০ ফেব্রুয়ারি আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি ভাষা বিভাগ পূর্ব, উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের জন্য এই যৌথ আঞ্চলিক সরকারি ভাষা সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
মুখ্যমন্ত্রী মানিক সাহা এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে জানান, এই সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশ নেবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সরকারি ভাষা বিভাগ এই সম্মেলনের আয়োজন করছে। আগরতলা আন্তর্জাতিক ইনডোর প্রদর্শনী কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর, পাবলিক সেক্টর সংস্থা, ব্যাংক, টাউন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন কমিটি এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করতে সরকারি ভাষা বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার উল্লেখযোগ্য কাজ ও উদ্যোগ তুলে ধরে একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে। অংশগ্রহণকারী সংস্থাগুলিকে তাদের বিশেষ উদ্ভাবন বা উল্লেখযোগ্য উদ্যোগের তথ্য জমা দিতে বলা হয়েছে, যা প্রদর্শনীতে প্রদর্শিত হবে।