আগরতলা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরার অর্গানিক কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে ক্রমেই সাড়া ফেলছে। সম্প্রতি জার্মানির নুরেমবার্গে অনুষ্ঠিত বায়োফ্যাচ ২০২৬ প্রদর্শনীতে ত্রিপুরার অর্গানিক পণ্য দেখে জার্মান ক্রেতারা ব্যাপক আগ্রহ দেখিয়েছেন। এর ফলস্বরূপ ত্রিপুরা থেকে ৫০০ মেট্রিক টন আদা এবং ২০ মেট্রিক টন বার্ডস আই চিলির অর্ডার দিয়েছে জার্মানির ক্রেতারা।
এই তথ্য জানিয়েছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান, প্রদর্শনীতে অংশ নিয়ে ত্রিপুরার জৈব কৃষিপণ্যের মান ও সম্ভাবনা তুলে ধরা হয়। মন্ত্রীর সঙ্গে জম্পুইজলার এলাকার কৃষক লক্ষণ রিয়াংও জার্মানি সফরে ছিলেন।
মন্ত্রী বলেন, জার্মান ক্রেতারা ত্রিপুরার অর্গানিক পণ্য দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে তারা রাজ্য পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানান, এই প্রদর্শনীটি আপেডা, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, ভারত সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। আপেডা আন্তর্জাতিক বাজারে ভারতের জৈব খাদ্য রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংস্থার লক্ষ্য, আগামী পাঁচ বছরে ভারতের জৈব খাদ্য রপ্তানির অংশীদারিত্ব ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে প্রায় ১২ শতাংশে উন্নীত করা।
মন্ত্রী জানান, ত্রিপুরা ইতিমধ্যেই এই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলেছে। বর্তমানে রাজ্যে ৫৩টি জৈব কৃষক উৎপাদক কোম্পানি কার্যকরভাবে কাজ করছে। ২৬ হাজার হেক্টরের বেশি জমি জৈব সার্টিফিকেশন পেয়েছে এবং ২৬ হাজার ৮০০-রও বেশি কৃষক জৈব সার্টিফিকেশন ব্যবস্থার আওতায় নিবন্ধিত।