আগরতলা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্বাচনী কেন্দ্র টাউন বড়দোয়ালিতে সম্পাদকের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শনকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। শনিবার সকালে বড়দোয়ালি মিলন সংঘ সংলগ্ন এলাকায় রাজ্যের দৈনিক ‘আজকের ফরিয়াদ’ পত্রিকার সম্পাদক শানিত দেবরায়ের বাড়ির সামনে দলীয় পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন সূর্যমনি নগরের বিধায়ক রাম প্রসাদ পাল ও তাঁর অনুগামীরা। বেলা গড়ালে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, কেন একজন সাংবাদিকের বাড়ির সামনে এই বিক্ষোভ সংগঠিত করা হল। সমালোচকদের মতে, প্রতিবাদ জানাতে চাইলে অন্য কোনো নিরপেক্ষ স্থানে কর্মসূচি করা যেত। বিক্ষোভ চলাকালীন রাস্তায় সম্পাদক শানিত দেবরায়ের ছবি টাঙিয়ে তাতে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া হয়, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
বিক্ষোভসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাম প্রসাদ পাল বলেন, তিনি রাস্তায় নামলে রাজ্যের কোনো “মুখিয়া”ও সম্পাদক শানিত দেবরায়কে বাঁচাতে পারবেন না। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।
ঘটনার পর সংবাদপত্র মালিকদের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে দেখা করে ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর বিষয়টির যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন।