আগরতলা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত জনজাতি সম্মেলন থেকে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রবিবার অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি বলেন, জনজাতি সমাজের ঐক্যই ত্রিপুরার শক্তি এবং শক্তিশালী সংগঠন গড়ে তোলাই এখন সময়ের দাবি।
মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্তমান রাজ্য সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর মতে, সংগঠন মজবুত হলে উন্নয়নের পথ আরও সুগম হবে।
তবে এদিন তিনি সতর্ক করে বলেন, একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং চক্রান্ত চালিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাকে ব্যাহত করাই তাদের উদ্দেশ্য বলে অভিযোগ করে জনজাতি সমাজকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
পড়াশোনার পাশাপাশি পাঠ্যসূচির বাইরের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্যও তিনি পড়ুয়াদের উৎসাহিত করেন এবং দেশকে ভালোবাসার পরামর্শ দেন। তাঁর বক্তব্যকে ঘিরে সম্মেলনে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট সাড়া পড়ে।
সম্মেলনে জনজাতি যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।