আগরতলা,১৮ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
আগরতলার আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতাল-এর রক্ত সঞ্চালন বিভাগে রোগীদের আরও উন্নত ও নিরাপদ চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে চালু করা হচ্ছে স্ব রক্ত সঞ্চালন পরিষেবা।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়, এই আধুনিক পদ্ধতিতে রোগী নিজেই নিজের রক্ত সংরক্ষণ করে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারবেন। পরিকল্পিত অস্ত্রোপচারের আগে রোগীর কাছ থেকে রক্ত সংগ্রহ করে নির্দিষ্ট পদ্ধতিতে সংরক্ষণ করা হবে এবং সেই রক্তই পুনরায় রোগীকে সঞ্চালন করা হবে। এর ফলে অন্যের রক্ত গ্রহণের প্রয়োজন কমবে এবং সংক্রমণসহ নানা জটিলতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
স্ব রক্ত সঞ্চালনের প্রধান সুবিধার মধ্যে রয়েছে, হেপাটাইটিস, এইচআইভির মতো সংক্রমণের ঝুঁকি কমে যাওয়া, রক্তের গ্রুপ অমিলের সম্ভাবনা না থাকা, রোগীর ইমিউন প্রতিক্রিয়া ও অ্যালার্জির ঝুঁকি কম হওয়া এবং রক্তের স্বল্পতার সময় নিরাপদ বিকল্প হিসেবে ব্যবহার করা সম্ভব হওয়া। পরিকল্পিত অস্ত্রোপচারের ক্ষেত্রে এই পদ্ধতি রোগীদের আত্মবিশ্বাসও বাড়াবে বলে মনে করা হচ্ছে।
তবে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, সব রোগীর ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য নয়। যাদের হিমোগ্লোবিন কম বা গুরুতর অসুস্থতা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। জরুরি পরিস্থিতিতেও এই ব্যবস্থা সবসময় সম্ভব হয় না। এছাড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত অবকাঠামো, প্রশিক্ষণ এবং সময়মতো রক্ত সংগ্রহের পরিকল্পনার প্রয়োজন হয়।