আগরতলা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ইটভাটা কয়লা সরবরাহের অভাবে বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ তুলে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল সিট্যু। সংগঠনের দাবি, বর্তমান সরকার সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না, ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।
বিক্ষোভ কর্মসূচিতে সিট্যুর সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত বলেন, ২০১৮ সালের পর থেকে ত্রিপুরায় ধারাবাহিকভাবে ইটভাটা বন্ধ হয়ে পড়ছে। বর্তমানে যেসব ইটভাটা এখনও চালু রয়েছে, সেগুলিও কয়লার অভাবে বন্ধ হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, ২০১৮ সালের আগে রাজ্যে বহুবার কয়লার সংকট দেখা দিলেও কোনো ইটভাটা বন্ধ হয়নি। কয়লার ঘাটতি দেখা দিলেই তৎকালীন বামফ্রন্ট সরকার জরুরি ভিত্তিতে উদ্যোগ নিয়ে পরিস্থিতি সামাল দিত। কিন্তু বর্তমান সরকার সেই ধরনের উদ্যোগ নিচ্ছে না বলেই অভিযোগ করেন তিনি।
সিট্যুর পক্ষ থেকে দাবি করা হয়েছে, দ্রুত কয়লা সরবরাহ স্বাভাবিক করতে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে, না হলে শ্রমিকদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিক্ষোভকারীরা এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।