আগরতলা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর এক্সিবিশন হলে পূর্ব, উত্তর–পূর্ব ও উত্তরাঞ্চল মিলিত আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্মেলনে তিন হাজারেরও বেশি সরকারি আধিকারিক ও প্রতিনিধির অংশগ্রহণের কথা রয়েছে।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাজভাষা বিভাগের সচিব অংশুলি আর্য। তিনি জানান, রাজভাষা নীতির কার্যকর বাস্তবায়ন ও সরকারি দপ্তরে হিন্দির প্রগতিশীল ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে পূর্বাঞ্চলের পশ্চিমবঙ্গ, ওডিশা, বিহার ও ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও সিকিম এবং উত্তরাঞ্চলের প্রতিনিধিরা অংশ নেবেন। কেন্দ্রীয় সরকারি দপ্তর, ব্যাংক ও বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত থাকবেন।
২০ ফেব্রুয়ারি বিকেল ২টায় উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় দপ্তর, ব্যাংক, সংস্থা ও শহরভিত্তিক রাজভাষা বাস্তবায়ন কমিটিগুলিকে মোট ৮০টি পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে থাকবে মর্যাদাপূর্ণ ‘নারাকাস রাজভাষা সম্মান’।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘রাজভাষা ভারতী’র উত্তরপূর্ব বিশেষ সংখ্যা এবং ‘ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি – টাইমলেস ওয়ার্কস’ ও ‘অমৃতবাণী – টাইমলেস ইনস্পায়ারিং ভার্সেস অব সংস্কৃত’ শীর্ষক দুটি গ্রন্থও প্রকাশ করা হবে।
এছাড়া ব্যাংক, সাহিত্য সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল বসানো হবে। সম্মেলনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত আন্তর্জাতিক ইনডোর এক্সিবিশন সেন্টারে আধিকারিকদের জন্য বিশেষ যোগা সেশনও আয়োজন করা হয়েছে।