আগরতলা, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
তিন দফা দাবি মেনে নেওয়ায় শুক্রবারের জাতীয় সড়ক অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নিল আত্মসমর্পণকারী বৈরীদের সংগঠন ত্রিপুরা গেরিলা রিটার্নিজ ডিমান্ড কমিটি। জনজাতি কল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সংগঠনের সদস্য সচিব অমৃত রিয়াং এ সিদ্ধান্তের কথা জানান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের দিন ২০ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছিল প্রাক্তন বৈরী নেতাদের একটি গোষ্ঠী। শুক্রবার থেকে আসাম-আগরতলা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধে বসার ঘোষণা দেওয়া হয়েছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
ঘোষিত অবরোধের জেরে সবচেয়ে বেশি সমস্যায় পড়ার আশঙ্কা ছিল বোর্ড পরীক্ষার্থীদের। বর্তমানে সিবিএসসি পরিচালিত দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলছে। শুক্রবার পরীক্ষার দিন থাকায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পাশাপাশি রেলপথ অবরোধের ফলে বিভিন্ন রাজ্য থেকে আগরতলাগামী ট্রেনের যাত্রী, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মচারীরাও সমস্যায় পড়তে পারতেন।
জানা যায়, জাতীয় সড়ক অবরোধ সফল করতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বড়মুড়া পাহাড় সংলগ্ন সাধুপাড়া ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেছিলেন আত্মসমর্পণকারী বৈরী নেতারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গাড়িতে করে আন্দোলনস্থলে পৌঁছনোর প্রস্তুতিও চলছিল। পাহাড়ি রেলপথেও অবরোধের পরিকল্পনা ছিল।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে তারা সাংবাদিক সম্মেলন করলেও সরকার সে বিষয়ে সাড়া দেয়নি। বৃহস্পতিবার প্রতিনিধি দল জনজাতি কল্যাণ দপ্তরে গেলেও সংশ্লিষ্ট অধিকর্তা ও মন্ত্রী উপস্থিত না থাকায় ক্ষোভ তৈরি হয়। সেই কারণেই পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে রাতের বৈঠকে তিন দফা দাবি মেনে নেওয়ায় শেষ পর্যন্ত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।