আগরতলা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় চালু হল আগরতলা–ঢাকা–কলকাতা আন্তঃদেশীয় বাস পরিষেবা। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৪ ফেব্রুয়ারি থেকে এই গুরুত্বপূর্ণ সংযোগ পরিষেবা ফের চালু হওয়ায় দুই দেশের মধ্যে যোগাযোগে নতুন গতি সঞ্চার হল।
মঙ্গলবার ঢাকাগামী বাসটি নয়জন যাত্রী নিয়ে আখাউড়া চেকপোস্ট হয়ে আগরতলায় প্রবেশ করে। সীমান্তে বাসটিকে স্বাগত জানান ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন টিআরটিসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়, এমডি হেমন্ত দেববর্মা।
পরিবহনমন্ত্রী বলেন, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির কারণে পরিষেবাটি বন্ধ ছিল। সেখানে নতুন সরকার গঠনের পর পুনরায় এই পরিষেবা চালু করা সম্ভব হয়েছে। তাঁর মতে, এই পরিষেবা পুনরায় চালু হওয়ায় বাণিজ্য, ব্যবসা, সাংস্কৃতিক আদান প্রদান এবং সাধারণ মানুষের যোগাযোগ আরও মজবুত হবে।
মন্ত্রী আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে সহযোগিতা অব্যাহত রাখছেন।
উল্লেখ্য, আগরতলা–ঢাকা–কলকাতা বাস পরিষেবা দীর্ঘদিন ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত। এই পরিষেবার পুনরুজ্জীবন দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেই মনে করা হচ্ছে।