উচ্চমাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু, উপস্থিতি ৯৮.৮৯ শতাংশ
আগরতলা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা আজ থেকে রাজ্যজুড়ে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। প্রথম দিনে উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল আর্টস এবং মাদ্রাসা ফাজিল থিওলজি বিভাগের ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজ্যের মোট ৬২টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অন্তর্গত সবকটি পরীক্ষাকেন্দ্রে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল বলে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকের পরীক্ষায় উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজিতে মোট ২৬,০১১ জন পরীক্ষার্থী নথিভুক্ত ছিল। এর মধ্যে ২৫,৭২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২৮৯ জন। উপস্থিতির হার ছিল ৯৮.৮৯ শতাংশ।
এদিকে, আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। আগামীকাল মাধ্যমিক এবং মাদ্রাসা আলিম পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পর্ষদের বিবৃতিতে জানানো হয়েছে।