আগরতলা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
রাজ্যের শাসক জোটের দুই বিধায়ক রাম প্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মা-র বিরুদ্ধে সর্বোচ্চ স্তরের তদন্তের দাবিতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু-র কাছে ডেপুটেশন দিয়েছেন একদল সাংবাদিক। বুধবার বিকেলে আগরতলার লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে ২১ জন সাংবাদিকের প্রতিনিধি দল লিখিত অভিযোগপত্র জমা দেন।
প্রতিনিধি দলে ছিলেন শানিত দেবরায়, সেবক ভট্টাচার্য, প্রণব সরকার, ডা. বিশ্বেন্দু ভট্টাচার্য, দিবাকর দেবনাথ ও অভিজিৎ ঘোষ। তাঁরা রাজ্যপালকে জানান, সাম্প্রতিক সময়ে উল্লিখিত দুই বিধায়কের বিরুদ্ধে একাধিক অসাংবিধানিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৪ ফেব্রুয়ারি বিধায়ক রাম প্রসাদ পাল দৈনিক ‘আজকের ফরিয়াদ’ পত্রিকা ও ‘নিউজ নাও’ চ্যানেলের সম্পাদক শানিত দেবরায়ের বাড়ির সামনে লোকজন জড়ো করে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ, ওই বিক্ষোভে শানিত দেবরায়ের একটি ছবিতে লাল কালিতে ‘ক্রস চিহ্ন’ এঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানির চেষ্টা করা হয়। এ বিষয়ে এডি নগর থানায় মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি সাংবাদিকদের।
অন্যদিকে, তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে অভিযোগ, একটি টেলিভিশন চ্যানেলে তাঁর অতীত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তিনি ওই চ্যানেলের সম্পাদক প্রণব সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি, হুমকি ও অবমাননাকর মন্তব্য করেন। প্রণব সরকার তাঁর বিরুদ্ধে ধারাবাহিকভাবে ছয়টি মামলা দায়ের করেছেন বলেও ডেপুটেশনে উল্লেখ করা হয়। তবে অভিযোগ, পুলিশ এখনও পর্যন্ত কোনও মামলাই লিপিবদ্ধ করেনি।
সাংবাদিকদের দাবি, এই পরিস্থিতি রাজ্যে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। তাঁরা দুই বিধায়কের বিরুদ্ধে নিরপেক্ষ ও উচ্চস্তরের তদন্তের দাবি জানান।
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।