আগরতলা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬:
জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি এবং জনগণের আকাঙ্ক্ষার মধ্যে সেতুবন্ধন তৈরি করা, এমনই মন্তব্য করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে “সমস্ত অংশের মানুষের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা” শীর্ষক সেমিনার ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন।
রাজ্যপাল বলেন, দেশের সংবিধান কেবল একটি আইনি পাঠ্য নয়, এটি প্রতিটি নাগরিকের ন্যায্য সমতা ও স্বাধীনতার পথপ্রদর্শক। জনগণের প্রতি কর্তব্য পালন করাই জনপ্রতিনিধিদের প্রথম ও প্রধান দায়িত্ব। তিনি জানান, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় দায়িত্ব ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি।
সমাজের কৃষক, জনজাতি সম্প্রদায়, মহিলা ও যুবকদের ক্ষমতায়নের ওপর জোর দিয়ে রাজ্যপাল বলেন, সংবিধানে উল্লেখিত ন্যায় ও অধিকার প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। একজন জনপ্রতিনিধি নির্দিষ্ট একটি নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হলেও তাঁর কর্তব্য সমগ্র রাজ্য ও জনগণের প্রতি সমর্পিত— এমন মন্তব্যও করেন তিনি। উন্নয়নের সুফল সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে তিনি জনপ্রতিনিধিদের অন্যতম গুরুদায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
রাজ্যপাল শেষে তিনি বলেন, জনপ্রতিনিধিরাই জনগণের আস্থার কেন্দ্রবিন্দু। তাঁদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই গণতন্ত্র আরও সুদৃঢ় হবে।