আগরতলা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ঃ
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজ্য সরকারের উন্নয়নের শ্বেতপত্র প্রকাশের দাবিতে আগামী ২ মার্চ থেকে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে। শুক্রবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, শাসক দল বারবার উন্নয়নের দাবি করলেও তার স্বচ্ছ ও বিস্তারিত হিসাব জনগণের সামনে তুলে ধরা হয়নি। উন্নয়নের প্রকৃত চিত্র স্পষ্ট করতে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে রাজ্যের আর্থিক অনিয়ম, প্রশাসনিক ব্যর্থতা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানো হয়। কংগ্রেসের অভিযোগ, গত ৮ বছরে বিভিন্ন দপ্তরে কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে। একাধিক নিরীক্ষা রিপোর্টে গরমিল ধরা পড়লেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
দলের বক্তব্য অনুযায়ী, কেন্দ্রীয় প্রকল্প, দপ্তরভিত্তিক বরাদ্দ, নীতি আয়োগ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থার রিপোর্টে আর্থিক অনিয়মের তথ্য উঠে এলেও অধিকাংশ ক্ষেত্রে দায় নির্ধারণ বা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এর জেরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আদিবাসী কল্যাণ ও গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যয় হয়নি বলেও অভিযোগ তোলা হয়।
দলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের আগে জনগণের স্বার্থে সরকারের উচিত পূর্ণাঙ্গ আর্থিক ও প্রশাসনিক হিসাব প্রকাশ করা, যাতে রাজ্যবাসী প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারেন। ২ মার্চ থেকে শুরু হওয়া আন্দোলনের মাধ্যমে এই দাবিকে রাজ্যজুড়ে জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।