আগরতলা, ১০ মার্চ, ২০২৬ঃ
ধর্ম নয়, ভালো কাজের মধ্য দিয়ে একজন মানুষের পরিচয় গড়ে উঠে। ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের জন্য শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্প রূপায়ণের মধ্য দিয়ে তাদের আর্থ-সামাজিকভাবে শক্তিশালী করার চেষ্টা করছে রাজ্য সরকার। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প এবং ঋণ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, যে কোনও ধর্ম বা জাতিগোষ্ঠীর উন্নয়ন শিক্ষার প্রসার ছাড়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্যতম লক্ষ্য ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে শিক্ষা সহ সামগ্রিক উন্নয়ন ঘটিয়ে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যকে বাস্তবরূপ দেওয়া। এছাড়া প্রধানমন্ত্রী বিভিন্ন ধর্মীয় কুসংস্কার থেকে মানুষকে মুক্ত রেখে উন্নয়নের মাধ্যমে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার চেষ্টা করছেন। উন্নয়নের স্বার্থে প্রতিটি ধর্মের মানুষের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বোতাম টিপে ‘মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প’ ২০২৫-এর উদ্বোধন করেন। এছাড়া ধর্মীয় সংখ্যালঘু অংশের পরিবারগুলির ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা এবং বিভিন্ন স্বনির্ভর উদ্যোগের জন্য ঋণ প্রকল্পে ১১ জনের হাতে ১৬ লক্ষ টাকার চেক তুলে দেন। মুখ্যমন্ত্রী বলেন, বৈচিত্রের মাঝে ঐক্যই আমাদের শক্তি। ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পকলার সুনাম রয়েছে। রাজ্য সরকারও ধর্মীয় সংখ্যালঘুদের জীবনযাত্রার মান উন্নয়নে শিক্ষা সহ প্রতিটি ক্ষেত্রে নানা প্রকল্প গ্রহণ করে উন্নয়নমূলক কাজ করছে। রাজ্য সরকার চেষ্টা করছে উন্নয়নের মধ্য দিয়ে সংখ্যালঘু অংশের নারীদের আত্মনির্ভর করে তুলতে।