আগরতলা, ১২ মার্চ ২০২৬ঃ
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে ভারতের নির্বাচন কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্যে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশনের এই প্রতিনিধি দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এন টি ভুটিয়া, সেক্রেটারি সন্তোষ কুমার দুবে এবং সেকশন অফিসার বিজয় গুপ্তা।
বৃহস্পতিবার সকালে প্রতিনিধি দলের সদস্যরা ধর্মনগরে পৌঁছে জেলা ও মহকুমা প্রশাসন এবং আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন।
জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে রাজ্য নির্বাচন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বৈঠকে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন পরিচালনার যাবতীয় প্রস্তুতি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়। ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
নির্বাচন কমিশনের প্রতিনিধি দল প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের সুবিধার্থে গৃহীত ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থার পর্যালোচনা করা হয়।
উল্লেখ্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণের পর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসনটি শূন্য হয়ে পড়ে। যদিও নির্বাচন কমিশন এখনও এই উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেনি।