আগরতলা, ১৩ মার্চ, ২০২৬ঃ
ঊনকোটি জেলার কৈলাসহরে পুলিশ হেফাজতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম মনির আলী। তার বাড়ি দেওরাছড়া এলাকায়।
পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে কৈলাসহর থানার পুলিশ মনির আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর গভীর রাতেই পুলিশের পক্ষ থেকে ফোন করে পরিবারের সদস্যদের জানানো হয় যে তার মৃত্যু হয়েছে। এই খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত কৈলাসহর জেলা হাসপাতালে ছুটে যান।
জানা গেছে, পারিবারিক বিবাদের জেরে মনির আলীর বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী খোরপোশের মামলা করেছিলেন। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। পরিবারের দাবি, তিনি মাঝে মধ্যেই খোরপোশের টাকা দিতেন। পরিবারের বক্তব্য , পুলিশ তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি থেকে নিয়ে যায়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন মৃতের পরিবার।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহর জেলা হাসপাতালে উত্তেজনা দেখা দিতে পারে আশঙ্কায় হাসপাতাল চত্বরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ দাবি করছে, উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণেই মনির আলীর মৃত্যু হয়ে থাকতে পারে। গ্রেফতারের পর অভিযুক্তের মেডিকেল পরীক্ষা করানো হয়েছিল কিনা তাও পুলিশের তরফ স্পষ্ট করা হয়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন।