আগরতলা, ১৪ মার্চ, ২০২৬ঃ
আসন্ন এডিসি নির্বাচনে ২৮টি আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
টিটিএএডিসি নির্বাচন এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে এডিসি নির্বাচনকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, পরিষদীয় দলনেতা ও বিধায়ক বীরজিৎ সিনহা, নেতা শব্দ কুমার জমাতিয়া সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশীষ কুমার সাহা জানান, আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস দল ২৮টি আসনেই প্রার্থী দেওয়া হবে। প্রতিটি আসনে শক্তিশালী প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনী লড়াইয়ে নামার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয় এবং খুব শীঘ্রই প্রার্থীর নাম চূড়ান্ত করে সংবাদমাধ্যমের সামনে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এছাড়া আশীষ কুমার সাহা অভিযোগ করেন, সিপিআইএম ধর্মনগর উপনির্বাচনে ইচ্ছাকৃতভাবে আগেভাগে প্রার্থী ঘোষণা করেছে। এর মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
বৈঠকে এডিসি এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করা, কর্মীদের সক্রিয় করা এবং নির্বাচনী প্রচারের রূপরেখা নিয়েও আলোচনা হয়। দলীয় নেতৃত্বের মতে, আগামী নির্বাচনে সংগঠনের ঐক্য ও তৃণমূল স্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণই কংগ্রেসের প্রধান শক্তি হয়ে উঠবে।