আগরতলা, ১৫ মার্চ, ২০২৬ঃ
ত্রিপুরার সিপাহিজলা জেলার জম্পুইজলা এলাকায় শনিবার রাতে তিপ্রামথার কার্যালয়ে বোমা হামলা করে দুষ্কৃতিরা। এই ঘটনায় তিপ্রামথার এক কর্মী গুরুতর আহত হন।
জানা গেছে, খুমুলুঙে কর্মসূচি শেষ করে তিপ্রামথার কর্মীরা জম্পুইজলা দলের কার্যালয়ে বসে কেরাম খেলছিলেন। সেই সময় হঠাৎ করে দুষ্কৃতীরা পার্টি অফিস লক্ষ্য করে পরপর নয় রাউন্ড গুলি চালায়। এর মধ্যে একটি গুলি এসে লাগে তিপ্রামথার আইটি সেলের নেতা অমিত দেববর্মার পায়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে জম্পুইজলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়।
গুলিচালনার পাশাপাশি দলের কার্যালয়ের পাশেও বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনার কিছুক্ষণ পর টাকারজলার তিপ্রামথা নেতা সুকুমার দেববর্মার বাড়িতেও বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে আইজি মঞ্চাক ইপ্পার এবং সিপাহিজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে।
এডিসি নির্বাচনের আগে ভিলেজ কমিটির নির্বাচনকে ঘিরে জম্পুইজলায় বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল। এর আগেও এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল, তবে এবারই প্রথম গুলিচালনার অভিযোগ উঠল।