আগরতলা, ১৬ মার্চ, ২০২৬ঃ
ত্রিপুরা বিধানসভায় ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৩৪,২১২.৩১ কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। সোমবার বিধানসভায় বাজেট উপস্থাপনের সময় তিনি জানান, এই বাজেট গত অর্থবছরের তুলনায় ৫.৫২ শতাংশ বেশি। উল্লেখযোগ্যভাবে, এবারের বাজেটে নতুন কোনও কর আরোপের প্রস্তাব রাখা হয়নি। বাজেটে ২৪০.৭২ কোটি টাকার ঘাটতি ধরা হয়েছে।
বাজেট পেশের পর বিধানসভায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, রাজ্যের অর্থনীতিকে আরও গতিশীল করতে এবারের বাজেটে মূলধনী ব্যয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৬–২৭ অর্থবছরে মূলধনী ব্যয় ধরা হয়েছে ৮,৯৪৫.৯২ কোটি টাকা, যা ২০২৫–২৬ অর্থবছরের তুলনায় ১৩.১৯ শতাংশ বেশি।
তিনি জানান, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে দৃষ্টিভঙ্গি সামনে রেখেছেন, তার সঙ্গে সামঞ্জস্য রেখে “বিকশিত ত্রিপুরা” গঠনের রোডম্যাপ তৈরি করেছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট তৈরি করা হয়েছে।