আগরতলা, ১৭ মার্চ, ২০২৬ঃ
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ এপ্রিল। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন স্টেট ইলেকশন কমিশনার মনোজ কুমার।
তিনি জানান, ঘোষিত নির্বাচনী নির্ঘন্ট অনুযায়ী ১৮ মার্চ থেকে রিটার্নিং অফিসাররা পাবলিক নোটিশ জারি করবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ মার্চ এবং ২৬ মার্চ সেগুলির পরীক্ষা নিরীক্ষা করা হবে। প্রার্থীরা ২৮ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
নির্বাচনের ভোটগ্রহণ হবে ১৩ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রয়োজনে ১৬ এপ্রিল পুনঃভোট অনুষ্ঠিত হবে। ভোট গণনা শুরু হবে ১৭ এপ্রিল সকাল ৮টা থেকে এবং ১৮ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্টেট ইলেকশন কমিশনার আরও জানান, নির্বাচন সূচি ঘোষণার সঙ্গে সঙ্গে শুধুমাত্র এডিসি এলাকায় নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে। প্রতিটি বুথে সিসিটিভি ও ভিডিওগ্রাফির ব্যবস্থা রাখা হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ জানান, নির্বাচনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। নিরাপত্তার স্বার্থে পোলিং বুথগুলিকে এ, বি এবং সি, এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
এদিকে ভিলেজ কাউন্সিল নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্টেট ইলেকশন কমিশনার জানান, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। উল্লেখ্য, ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের মামলার শুনানি বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।