আগরতলা, ১৭ মার্চ, ২০২৬ঃ
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন দপ্তরের কনফারেন্স হলে মঙ্গলবার এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পান্ডে রাজ্যের বিভিন্ন জাতীয় ও স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এই বৈঠকে বিজেপি, কংগ্রেস (আইএনসি), সিপিআই(এম), মথা ও আইপিএফটি-র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপনির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরা হয় এবং নির্বাচন কমিশনের বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে রাজনৈতিক দলগুলিকে অবহিত করা হয়।
এদিকে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক চাঁদনী চন্দ্রন সাংবাদিক বৈঠকে জানান, ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪৬,১৪৩ জন। এর মধ্যে মহিলা ভোটার ২৩,৭৬৩ জন এবং পুরুষ ভোটার ২২,৩৮০ জন।
তিনি আরও জানান, এই কেন্দ্রে মোট ৫৫টি ভোটকেন্দ্র রয়েছে—এর মধ্যে ৩২টি আরবান এবং ২৩টি গ্রামীণ এলাকায়। নির্বাচনী কাজে ১২ জন সেক্টর সিভিল অফিসার নিযুক্ত থাকবেন, যার মধ্যে ৪ জন রিজার্ভে থাকবেন। ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছেন ২৫৮ জন। এছাড়াও ১১টি ভোটকেন্দ্র সম্পূর্ণভাবে মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এবারের উপনির্বাচনে ‘গ্রিন প্রোটোকল’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লেক্সের পরিবর্তে কাপড়ের ব্যানার ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি অভিযোগ জানানোর জন্য ডিস্ট্রিক্ট কমপ্লেন সেল সক্রিয় রয়েছে, যার টোল-ফ্রি নম্বর ১৯৫০।