আগরতলা, ১৮ মার্চ ২০২৬ঃ
ত্রিপুরায় এডিসি নির্বাচনের ভোট গ্রহণ ১৩ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল আয়োজনের জন্য সর্বসম্মত প্রস্তাব পাস হলো বিধানসভায়। এই প্রস্তাব রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে।
বুধবার জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি জানান, ১৩ এপ্রিল, উপজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বুইসু উৎসব, গড়িয়া পূজা পালিত হবে। ফলে ওই দিনে নির্বাচন হলে মানুষের অংশগ্রহণে সমস্যা হতে পারে। তাই তারিখ পরিবর্তনের জন্য সর্বদলীয় ঐকমত্যের আহ্বান জানান তিনি।
এই প্রস্তাবে সমর্থন জানায় বিরোধী দল সিপিআইএম, তিপ্রামথা, আইপিএফটি। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, শাসক দল বিজেপিও ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে, তাই এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া উচিত।
তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং চিত্তরঞ্জন দেববর্মা ১২ এপ্রিল ভোটগ্রহণের প্রস্তাব দেন। একইসঙ্গে ভোট গণনার তারিখ ১৭ এপ্রিলের পরিবর্তে ১৬ এপ্রিল করারও প্রস্তাব ওঠে।
এদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, নির্বাচন সংক্রান্ত সময়সূচি অত্যন্ত সঙ্কুচিত। নির্ধারিত সূচি অনুযায়ী ১৩ এপ্রিল ভোট, ১৬ এপ্রিল পুনর্ভোট এবং ১৭ এপ্রিল গণনা হওয়ার কথা। তবে একাধিক উৎসবের বিষয়টি বিবেচনা করে নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়া যেতে পারে।
পরবর্তীতে পরিবহন মন্ত্রী ও মন্ত্রিসভার মুখপাত্র সুশান্ত চৌধুরী সকলের পক্ষ থেকে বিধানসভায় জানান, উৎসবের বিষয়টি মাথায় রেখে সর্বসম্মতভাবে ১২ এপ্রিল ভোটগ্রহণের প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
ট্রেজারি ও বিরোধী বেঞ্চ উভয়ের ঐকমত্যে এডিসি নির্বাচনের দিন পরিবর্তনের জন্য বিধানসভা থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।