আগরতলা, ১৮ মার্চ, ২০২৬ঃ
কৃষক, জুমিয়া ও ক্ষেতমজুরদের ১২ দফা দাবিকে সামনে রেখে বুধবার বিধানসভা অভিযানের ডাক দেয় সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। এই কর্মসূচিকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এদিন মিছিলে অংশ নিতে রাজ্যে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান। এছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরি, সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, গণমুক্তি পরিষদের নেতা রাধাচরণ দেববর্মা এবং ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা।
মিছিলটি রবীন্দ্র ভবন এলাকার সামনে পৌঁছালে পুলিশ প্রথমে তাদের আটকানোর চেষ্টা করে। অভিযোগ, মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে বিধানসভা ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে উত্তর গেট সংলগ্ন এলাকায় পুলিশ মিছিলটি আটকে দেয়। সেখানেও আবারও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
মিছিলকারীদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে বহু কর্মী আহত হয়েছেন, যার মধ্যে প্রবীণ নেতা পবিত্র করও রক্তাক্ত হন। তবে এই পরিস্থিতির মধ্যেও আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যান।