আগরতলা, ১৮ মার্চ ২০২৬ঃ
ত্রিপুরা বিধানসভার চলতি অধিবেশনের চতুর্থ দিনে বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া সর্বসম্মতভাবে বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। তার বিপক্ষে কোনও প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন।
অধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত রামপ্রসাদ পাল জানান, রামপদ জমাতিয়ার পক্ষে মোট তিনটি প্রস্তাব জমা পড়ে। প্রথম প্রস্তাবটি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, সমর্থন করেন বিধায়ক স্বপ্না দাস পাল। দ্বিতীয় প্রস্তাব দেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, সমর্থন করেন তিপ্রা মথার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা। তৃতীয় প্রস্তাবটি উত্থাপন করেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, যা সমর্থন করেন চিফ হুইপ কল্যাণী সাহা রায়। সব প্রস্তাব খতিয়ে দেখার পর তা বিধানসভায় উপস্থাপন করা হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রামপদ জমাতিয়াকে সর্বসম্মতভাবে অধ্যক্ষ নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে, তিনি একদিন আগে বিধানসভার সচিব অমিয় কুমার নাথের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী মানিক সাহা রামপদ জমাতিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, “দুইবারের বিধায়ক হিসেবে আপনার অভিজ্ঞতা, রাজনৈতিক ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা এবং মন্ত্রিত্বের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। আমি বিশ্বাস করি আপনি নিরপেক্ষতা বজায় রেখে নতুন ইতিহাস রচনা করবেন।”