আগরতলা, ১৯ মার্চ, ২০২৬ঃ
আগরতলা পুরনিগম এলাকায় বিশুদ্ধ পানীয়জল সরবরাহ নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্য বিধানসভায় এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, শহরের অধিকাংশ এলাকায় জল সরবরাহের জন্য উন্নতমানের ডাকটাইল আয়রন (ডি.আই.) পাইপ ব্যবহার করা হচ্ছে এবং গলিপথে ধীরে ধীরে এইচ.ডি.পি.ই. পাইপ বসানো হচ্ছে।
তিনি বলেন, পুরনো পাইপলাইন পরিবর্তনের কাজ জোরকদমে চলছে এবং ইতিমধ্যে প্রায় ২৫ শতাংশ পাইপ বদলানো হয়েছে। বর্তমানে ১৩টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পাশাপাশি ৩১টি এম.আই.আর.পি., ৬টি পি.আই.আর.পি. এবং ৭৭টি গভীর নলকূপের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। মোট সরবরাহের মধ্যে ২৫ শতাংশ সারফেস ওয়াটার এবং ৭৫ শতাংশ গ্রাউন্ড ওয়াটার।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগরতলা পুরনিগম এলাকায় ১,৪০,৭৫২টি পরিবারের মধ্যে ৯০,২৬১টি পরিবারকে ইতিমধ্যে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে এবং প্রতিদিন প্রায় ৭০ মিলিয়ন লিটার জল সরবরাহ করা হচ্ছে। যেসব এলাকায় জলে আয়রনের পরিমাণ বেশি, সেখানে বিশেষ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে।
জলের গুণগতমান নিশ্চিত করতে প্রতিটি প্ল্যান্টে পরীক্ষাগার রয়েছে এবং ‘অমরুত মিত্র’-দের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে জল পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ‘আপনার জলের ট্যাঙ্ক পরিষ্কার করুন’ কর্মসূচির মাধ্যমে নাগরিকদের সচেতন করা হচ্ছে।